267964

স্ত্রী প্রার্থী হওয়ায় ছাত্রদের পোস্টার লাগানোর নির্দেশ শিক্ষকের!

নিউজ ডেস্ক।।  পঞ্চগড়ের আটোয়ারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁর স্ত্রীর নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ উঠেছে। ওই শিক্ষক ডেকে নিয়ে পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন আর ছোট শিক্ষার্থীরা গাছে উঠে পোস্টার লাগাচ্ছে—স্থানীয় কয়েকজন যুবক ছবি ও ভিডিওতে এমন দৃশ্য ধারণ করেন। তবে ওই প্রধান শিক্ষক দাবি করেন, শিক্ষার্থীরা নিজে থেকেই এ কাজে অংশ নেয়।

স্থানীয়রা জানায়, উপজেলার নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুর রহমানের স্ত্রী সিদ্দিকা বেগম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন। গত শনিবার সকালে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ডেকে নিয়ে তাঁর স্ত্রীর নির্বাচনী পোস্টার লাগানোর কাজে তাদের নিয়োজিত করেন। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাশের এলাকায় গাছে ও বাঁশে উঠে পোস্টার লাগাচ্ছে। এ সময় তিনি দাঁড়িয়ে থেকে তাদের নির্দেশনা দিচ্ছেন।

নির্বাচনী পোস্টার লাগানোর কাজে অংশ নেওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জীবন, প্রহ্লাদ ও মিলন জানায়, স্যারের নির্দেশে তারা গাছে উঠে পোস্টার লাগায়। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুর রহমান দাবি করেন, ‘আমার স্ত্রী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার স্কুল এলাকায় এলে শিক্ষার্থীরা তাকে সহযোগিতা করতে যায়। এ সময় তারা গাছে ও বাঁশে উঠলে আমি তাদের নামিয়ে আনি।’

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন সুলতানা জানান, এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তেমন কিছু হয়নি। তবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে পোস্টার লাগানোর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। উৎস: কালের কণ্ঠ।

ad

পাঠকের মতামত