268172

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত ভাইরাসে মৃত্যু: এলাকাবাসীকে মাস্ক পরে চলার নির্দেশ

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ২০ দিনের মধ্যে একই পরিবারে বাবা-মা ও দুই সন্তানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে উপজেলা ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের প্রায় ৬/৭ জন অসুস্থ হলে তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শাহজাহান নেওয়াজ বলছেন ‘মস্তিষ্ক প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে এ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মস্তিষ্ক প্রদাহে আক্রান্ত মানুষ দ্রুত মারা যাওয়ার আশংকা থাকে।’

তিনি বলেন, ‘হাসপাতালে ডা. মোর্শেদ মাসুম বিল্লাহকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত চিকিৎসাসেবা ও পরামর্শের জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।’ এ ঘটনার সঠিক কারণ নিরূপন করতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৩ জন বিশেষজ্ঞ ও ৩ সহকারী ৬ সদস্যের একটি টিম বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে সোমবার সকালে রওয়ানা দিয়েছেন বলে জানান তিনি। তারা রংপুর হাসপাতালে মৃত মেহেদীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করবে।

এলাকাবাসী জানায়, গত ৯ ফেব্রুয়ারি নয়াবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে তাহের আলী (৫৫) রহস্যজনকভাবে মারা যায়। এ ঘটনার ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি একইভাবে মারা যান জামাতা হাবিবুর রহমান (৩৫) এবং পরের দিন মারা যান তাহের আলীর স্ত্রী হোসনে আরা (৪৫)। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি তার দুই ছেলে ইউসুফ আলী (৩০) ও মেহেদী হাসানও (২৪) মারা যান।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘এ রোগে আক্রান্ত হয়ে মৃত ইউসুফ আলীর স্ত্রী কোহিনুর, তার কন্যা সন্তান মারা যায়। তার শ্বশুড়কে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ তহিদুল ইসলাম নামে স্থানীয় এক ইউপি সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক মোতালেব এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তাদেরকেও রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘বিষয়টি প্রশাসন অতি গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা আশা করছি ঢামেক থেকে মেডিকেল টিমটি এলাকায় এলেই রোগটি শনাক্তসহ এর প্রতিকার জানা সম্ভব হবে। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার কর্মকর্তাসহ সকলকে নিদের্শনা প্রদান করা হয়েছে। এ ধরণের কোন রোগীর সন্ধান পেলেই তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে।’ এছাড়া ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মুখে মাস্ক পরে এলাকায় চলাফেরার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত