268218

‘সিরিয়া থেকে ইরানি সেনাদের তাড়াতে সব চেষ্টা করবো’

সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি বন্ধে যে কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানি আগ্রাসন প্রতিহত করতে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তেল আবিব। এমন হুঁশিয়ারির মধ্যেই সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রোববার হরমুজ প্রণালীর কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, নৌমহড়ার তৃতীয় দিন নিজেদের তৈরি গাদির-ক্লাশ নামের সাবমেরিন থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগরের একটি অংশে ‘ভেলিয়াত-নাইনটি সেভেন’ নামের তিন দিনের এ মহড়ায় ইরানের ১শ’টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে।

জ্বালানি তেল বাণিজ্যের জন্য বিশ্বের জাহাজ চলাচলে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনুসারে তেল রফতানি বন্ধের চেষ্টা করে তাহলে ওই প্রণালি বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে গেল বছরের মে মাসে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। পাল্টা পদক্ষেপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার শুরু করে ইরান।

দেশটির এমন তৎপরতার মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরাইলকে ধ্বংস করতে চাইলে চিরতরে বিলীন হয়ে যাবে ইরান।বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইরানের শাসকদের পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা ইসরাইলকে ধ্বংসের দুঃসাহস দেখাবেন না। সিরিয়া থেকে ইরানি সেনাদের বিতারিত করতে আমাদের সব চেষ্টা অব্যাহত থাকবে।’একই সঙ্গে সিরিয়ায় তেহরানের তৎপরতা রুখতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য আগামী বুধবার মস্কো সফরের কথা জানান নেতানিয়াহু।

ad

পাঠকের মতামত