267998

ছিনতাইয়ের কবলে পড়া যাত্রীরা দুবাই যাচ্ছেন

ছিনতাই চেষ্টার কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজের যাত্রীদের নির্ধারিত গন্তব্য দুবাইয়ে পাঠানো হচ্ছে। সোমবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।রবিবার ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে।

প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। গতকাল সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন।ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মডেলের। ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটির দুবাইগামী যাত্রীদের গতকাল রাতেই তাদের গন্তব্যে পাঠানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। আজ তাদের দুবাই পাঠানো হবে।

বিমান সূত্র জানায়, দুবাইগামী যেসব যাত্রী ঢাকা থেকে উড়োজাহাজটিতে উঠেছিলেন, তাদের চট্টগ্রামের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। তাদের নিয়ে আজ দুবাই যাবে উড়োজাহাজ। এছাড়া চট্টগ্রাম থেকেও ফ্লাইটটিতে দুবাইগামী যাত্রী রয়েছেন। তারাও আজ দুবাই যাবেন।এর আগে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানিয়েছিলেন, ছিনতাইকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল। এছাড়াও ওই ব্যক্তি নিজের স্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়েছিল।

তিনি বলেন, ‘কমান্ডো অভিযানে নিহত যুবকটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০। তার নাম মাহাদী বলে জানা গেছে। সেনাবাহিনীর এক নম্বর প্যারা কমান্ডোর একটি দল অভিযান চালিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে আটক করে। পরে তার মৃত্যু হয়।এস এম মতিউর রহমান বলেন, ‘সেনা কমান্ডোকে নেভি সোয়াট ও র‌্যাব সহযোগিতা করেছে। সৌভাগ্যক্রমে এক নম্বর প্যারা কমান্ডোর দলটি চট্টগ্রামেই ছিল। বিমান ছিনতাই চেষ্টার ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে দ্রুত এক নম্বর প্যারা কমান্ডো দলকে বিমানবন্দরে পাঠানো হয়। তারা প্রথমে ‘ছিনতাই চেষ্টাকারীকে’ আত্মসমর্পণ করতে আহ্বান জানায়। কিন্তু আত্মসমর্পণ করেনি। পরে অপারেশনে সে ইনজুরড (আহত) হয়। তার কাছে একটি অস্ত্র ছিল। সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

ad

পাঠকের মতামত