268008

মোদির কাছে ‘একটা সুযোগ’ চাইলেন ইমরান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ’ দেয়ার অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।পুলওয়ামা হামলার পর ইসলামাবাদের প্রতি ভারতের কঠোর মনোভাব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বক্তব্যের প্রেক্ষিতে এ অনুরোধ করেন পাক প্রধানমন্ত্রী।রবিবার এক বিবৃতিতে ইমরান খান বলেন, ভারত যদি পুলওয়ামা হামলায় পাকিস্তানিদের জড়িত থাকার উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, মোদির উচিত দু’ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় একটা সুযোগ দেওয়া।

এর আগে শনিবার মোদি পাক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, পাঠান হিসেবে তার প্রতিশ্রুতি রাখা উচিত এবং ভারতের সঙ্গে লড়াই করার পরিবর্তে তাদের সঙ্গে মিলে দরিদ্রতা ও অশিক্ষা দূর করার চেষ্টা চালানো উচিত।এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় মোদিকে উদ্দেশ্য করে ‘শান্তি প্রতিষ্ঠার একটা সুযোগ’ চান ইমরান খান।ওই বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী আরো বলেন,‘২০১৫ সালের ডিসেম্বরে মোদির সঙ্গে আমি একটি বৈঠক করেছিলাম। সেখানে আমরা এ অঞ্চলে দরিদ্রতা দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠার বিষয় দুটিকে প্রাধান্য দেয়ার বিষয়ে একমত হয়েছিলাম। কিন্তু পুলওয়ামা ঘটনারও বহু আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে আমাদের সেই উদ্যোগ নষ্ট হয়ে যায়।’

ওই বক্তব্যে তিনি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিলের প্রসঙ্গটি টেনে আনেন। ওই বৈঠক বাতিল করেছিলো ভারত।তবে ইমরান খান মনে করেন, ‘ভারতে আসন্ন নির্বাচনের কারণে এখন আর দু দেশের মধ্যে শান্তি আলোচনা সম্ভব হচ্ছে না।’প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ৪৪ ভারতীয় সেনা নিহত এবং আরো ৪১ জন আহত হয়। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়স-ইমোহাম্মদকে দায়ী করেছে ভারত। তবে ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে পকিস্তান সরকার। সূত্র: ডন

ad

পাঠকের মতামত