268177

নাসির-সোহানের ছক্কায় বিশাল রানের টার্গেট দিল শেখ জামাল

স্পোর্টস ডেস্ক।। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ম্যাচটিতে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খেলাঘরের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। খেলাঘরের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে শেখ জামালের দলপতি নুরুল হাসান সোহান এবং নাসির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে খেলাঘরকে ১৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দলটি।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে পাওয়ার প্লে-তে হাত খুলে খেলতে থাকেন শেখ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং ফারদিন হাসান অনি। হাত খুলে খেলতে থাকলেও পঞ্চম ওভারের শেষ বলে উইকেট ছুঁড়ে দেন অনি। ১৯ বলে ২১ রান করার পর ইরফান হোসেনের বলে রবিউল ইসলাম রবির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

উইকেট হারালেও রানের চাকা সচল রাখে দলটি। পাওয়ার প্লে শেষ হওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন এবং হাসানুজ্জামান। ৩৮ রানে প্রথম ব্যাটসম্যানকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেছিলেন ফারদিন হাসান অনি এবং ইমতিয়াজ হোসেন। কিন্তু তাঁদের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান মইনুল ইসলাম। দুজনকেই এক ওভারে সাজঘরে ফেরান তিনি।

বিপিএলে বেশী ম্যাচ খেলার সুযোগ না পেলেও ডিপিএল টি-টুয়েন্টিতে মাঠে নেমেই তান্ডব চালান নাসির হোসেন। ৮১ রানে ৩ উইকেট হারানো শেখ জামালকে ১০০ রানের পুঁজি এনে দিয়েছেন তিনি এবং অধিনায়ক সোহান। ২৭ বলে ৩৪ রান করে নাসির তানভির ইসলামের বলে বিদায় নিলেও ক্রিজে টিকে থাকেন সোহান।  পরের ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে হাত খুলে খেলতে থাকেন তিনি। শেষ ওভারে এসে ২৮ বলে ৪৩ রান করে তিনি ফিরলেও স্কোরবোর্ডে ১৭০ রানের বড় পুঁজি পায় শেখ জামাল। মইনুল ইসলাম ২৬ রান দিয়ে ২ উইকেট নেন খেলাঘরের পক্ষে। সংক্ষিপ্ত স্কোরঃ শেখ জামালঃ ১৬৯/৫ (২০ ওভার)। (নাসির হোসেন ৩৪, নুরুল হাসান ৪৩) (মইনুল ইসলাম ২/২৬)

ad

পাঠকের মতামত