পাক-ভারত ম্যাচে হৃদয় জয় করা সেই দৃশ্য!
স্পোর্টস ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য মারা গেছেন। নৃশংস সেই হামলায় পাকিস্তান জড়িত, এমনটিই দাবি করছে ভারত।আর এই জঙ্গি হামলার কারণে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে না খেলার পরামর্শ দিয়ে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলীসহ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। তবে উল্টো কথা বলছেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও শচীন টেন্ডুলকার।
জঙ্গি ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা না খেলা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই হৃদয় জয় করা একটি ছবি নিয়ে নিউজ করেছে ইপোক টাইমস। নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত এই সংবাদপত্রটি সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের একটি ছবি নিয়ে নিউজ করে।ছবিতে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান শেনোয়ারির জুতোর ফিতা বেঁধে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। সেই হৃদয় জয় করা দৃশ্য দেখে ভারত-পাকিস্তানের সমর্থকরা খুবই আনন্দিত হয়ে ওঠেন।
ভারত-পাকিস্তানের মধ্যকার সেই ছবি আজও মন কাড়ে এশিয়ার ক্রিকেটপ্রেমী মানুষের।এশীয় এক ক্রিকেটপ্রেমী টুইটারে লেখেন, ক্রিকেটই পারে ভারত-পাকিস্তানকে এক করতে। আমাদের সভ্য করতে।অন্য একজন লেখেন, সত্যিকারের ক্রীড়াবিদ্যা একটি চিত্রনাট্য উপস্থাপিত হলো।উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর দুবাইয়ের সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান।




