‘দেশ যে পথে হাঁটবে আমরাও সেই পথে হাঁটবো’
স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে কি না এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিসিসিআই যে সিদ্ধান্ত নিবে তাই মেনে নেবে দল। জানিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে পুলওয়ামায় নিহতদের প্রতি সমাবেদনা জানিয়েছেন কোহলি ও পুরো ভারত দল। এদিকে ভারতের ক্রিকেট সমর্থকরাও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জোরালো বিরোধিতা করছে। পয়েন্ট কাটা গেলেও বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার পক্ষে মত দিয়েছেন সমর্থকরা।
আবারো উত্তপ্ত ভারত – পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। সমাধান তো নয়ই সম্প্রতি পুলওয়ামায় সন্ত্রাসী হামলা সেই বিভক্তির আগুনে নতুন বারুদ ঢেলে দিয়েছে। পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার ঘটনায়, পুরো ভারতজুড়েই পাকিস্তান বিরোধী হাওয়া এখন জোরালো। শুধু রাজনীতি না, যার প্রভাব পড়েছে প্রায় প্রতিটি খাতেই।
রাজনীতির মতই ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কও খুব একটা উষ্ণ নয়। দল দুটি সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২ সালে। বৈশ্বিক ইভেন্ট ছাড়া এই দু’দলের দ্বৈরথের দেখা মেলে না। আইসিসি বিশ্বকাপে মুখোমুখি হবার কথা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির। তবে বিসিসিআই এরই মধ্যে আইসিসি’র কাছে চিঠি দিয়ে, পাকিস্তানের সঙ্গে অন্য দেশগুলোরও ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে। এ বিষয়ে এখনো আইসিসি কোনো মন্তব্য না করলেও, মুখ খুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির আগে ওঠা এই প্রসঙ্গে, বোর্ড ও সরকারের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবে তার দল।
বিরাট কোহলি বলেন, ‘প্রথমেই নিহত ও তাদের পরিবারের প্রতি আমি ও পুরো দল সমবেদনা জানাতে চাই। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। দেশ যে পথে হাটবে আমরাও সেই পথে হাটবো। পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে দেশ ও বিসিসিআই যে সিদ্ধান্ত নিবে আমাদের তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে। সিদ্ধান্ত যেটাই আসুক আমরা তা মেনে নেবো।’ এদিকে ভারতের ক্রিকেট সমর্থকরাও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জোরালো বিরোধিতা করছে।
ভারত-পাকিস্তানের এমন যুদ্ধাংদেহী অবস্থানের প্রভাব ক্রিকেটে যে পড়বে তা অনেকটা অনুমেয় ছিলো। শেষ পর্যন্ত এই জল কোথায় গড়ায় তা সময়ই বলে দেবে। আগামী ১৬ জুন ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবার কথা দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত-পাকিস্তানের ম্যাচ।




