267168

হজরতউল্লাহর ব্যাটিং তাণ্ডবে আফগানদের বিশ্ব রেকর্ড

হজরতউল্লাহ জাজাইয়ের টর্নেডো ইনিংসে উলট-পালট হয়ে গেছে রেকর্ড বই। টি-টোয়েন্টির অনেক রেকর্ড নতুন করে লিখিয়েছেন আফগানিস্তানের বাঁহাতি এই ওপেনার।আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে জাজাইয়ের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭৮ রান করে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে কোনো দলের এটাই সর্বোচ্চ।আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ২৬৩। ২০১৬ সালে পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিল তারা।

আফগানদের আগের সেরা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই, ২০১৭ সালে গ্রেটার নয়ডায় ৮ উইকেটে ২৩৩ রান করেছিল।দলের রানের পাহাড় গড়ার পিছনে সবচেয়ে বড় অবদান উসমান গনির সঙ্গে জাজাইয়ের রেকর্ড গড়া উদ্বোধনী জুটির। শুরুর জুটিতে ১৭ ওভার ৩ বলে তারা তুলেছিলেন ২৩৬ রান। টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতেই এটি সর্বোচ্চ।আগের সেরা ছিল অ্যারন ফিঞ্চ ও ডার্সি শর্টের ২২৩। গত জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। সেই রেকর্ড আরেকটু উঁচুতে নিয়ে গেলেন জাজাই-গনি।

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে তিন অঙ্কের জুটি পেল আফগানিস্তান। তাদের আগের সেরা ছিল তৃতীয় উইকেটে গত অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আসগর আফগানের সঙ্গে জাজাইয়ের ১১৬ রানে জুটি। উদ্বোধনী জুটিতে এবারই প্রথম শতরানের জুটি পেল দেশটি। তাদের আগের সেরা ছিল ২০১৫ সালের অক্টোবরে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ শাহজাদের সঙ্গে গনির ৯৫।আফগানিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা জাজাই মাত্র ১০ রানের জন্য ছুঁতে পারেননি ফিঞ্চের সর্বোচ্চ রানের রেকর্ড। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যানের ১৭২ এখনও সেরা।

৬২ বলে অপরাজিত ১৬২ রান করার পথে একটি রেকর্ড অবশ্য ফিঞ্চের কাছ থেকে কেড়ে নিয়েছেন জাজাই। ১৬ ছক্কায় গড়েছেন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পনে ১৫৬ রান করার পথে ফিঞ্চের ১৪ ছক্কা ছিল এতো দিন রেকর্ড।ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার সঙ্গে হয়ে গেছে দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। আফগান ব্যাটসম্যানরা সব মিলিয়ে ২২ বার উড়িয়ে সীমানা ছাড়া করেছেন বল। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের অধিকারে।

২০১৬ সালের অগাস্টে ভারতের বিপক্ষে ২১ ছক্কা হাঁকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ ছক্কায় তাদের পাশে বসেছিল ভারত। এক ইনিংসে আফগানিস্তানের সর্বোচ্চ ছক্কা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের ১৭ ছক্কা।৪২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন জাজাই। টি-টোয়েন্টিতে তার চেয়ে কম ৩৫ বলে সেঞ্চুরি আছে কেবল দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মার।

ad

পাঠকের মতামত