মানুষে মানুষে শত্রুতা, জীবন গেল গাছের!
শত্রুতা মানুষে মানুষে,আর জীবন গেল শতাধিক আম গাছের। এমন ঘটনা ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আব্দুল বাতেনের জমিতে।গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আব্দুল বাতেনের শতাধিক আম গাছ কেটে ফেলা হয়েছে। গাছের মালিক আব্দুল বাতেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাস চারেক আগে আব্দুল বাতেনের জমি থেকে ৪টি আম গাছ উপড়ে নিয়ে যায় তেঁতুলিয়া ইউনিয়নের ড্রাইভার পাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে সাবু, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল রহমান, মোতাহার হোসেনের ছেলে, মশিউর রহমান ডন। পরে বিষয়টি জানাজানি হলে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। যা স্থানীয় শালিশের মাধ্যমে নিস্পত্তি করা হয়। কিন্তু প্রতিপক্ষ তা মেনে নিতে না পেরে পুনরায় গত শুক্রবার দিবাগত রাতে আব্দুল বাতেনের শতাধিক আম গাছ কেটে ফেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেন বলেন, বিভিন্ন সময়ে আমাকে তারা নানা রকম হুমকি দিয়ে আসছে। আমার ফলজ আম গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে । বিগত দিনে আমার ক্ষতি করে তারা ক্ষান্ত হয়নি এখন আবারো ফলদি গাছ,পকুরের মাছ ও জমির ফসল নষ্ট করার হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা পিএস.আই জিল্লুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।




