মাতৃভাষা দিবসে শিশুদের সঙ্গে সময় কাটালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী
একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন।একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত।আজ সকালে ভাষা দিবস উপলক্ষে লালমাটিয়ায় স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশুদের সঙ্গে সময় কাটান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।
সকাল থেকে তাদের সঙ্গে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিবেদন করেছেন তিনি। সেইসঙ্গে ছোট্ট শিশুদের ছবি আঁকা দেখেছেন এবং তাদের মাঝে চকলেট ও পুরস্কার বিতরণ করেছেন।ঐশী বলেন, ‘আসলে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের সবার মনে এক ধরনের চিন্তা। ওরা আসলে কতটা অনুভব করে এই বিষয়টা, আদৌ করে কিনা সেটা বুঝতে চেয়েছি। সত্যি বলতে ওরা আমাকে অবাক করে দিয়েছে।ওদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করাতে ওরা পুরো বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপন করলো। তাছাড়া ওরা একদম ফুলের মতন। লোক দেখানো কী তা ওরা বোঝে না। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে কোনো কৃত্রিমতা দেখিনি। আর ওদের সাথে কাটানো পুরো সময়টা ছিলো অসাধারণ।’
ঐশী আরও বলেন, ‘ওরা সবাই ছবি এঁকেছে। ওদের হাতে পুরষ্কার তুলে দিয়েছি আমরা। চকলেট বিতরণ করেছি। ওরাও খুব খুশি।’এ সময় ঐশী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও উপস্থাপিকা শান্তা জাহান।




