চকবাজারে আগুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা
চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে বৃহস্পতিবার বিকালে চকবাজার থানায় অপমৃত্যু মামলা করে।পুলিশের চকবাজার জোনের এডিসি কামাল হোসেন যুগান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চকবাজার মডেল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার যুগান্তরকে বলেন, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।ভবনের মালিককে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত নই, ভবন মালিক জীবিত নাকি মৃত।
চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় ৬৭ প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।নিহত ৬৭ জনের মধ্যে ৩৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, তাদের অবস্থা আশঙ্কাজনক।




