ভাইয়ের খোঁজে এসে জানলেন ছয়জন পুড়ে ছাই
নিউজ ডেস্ক।। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড় বাড়ছে। ঢাকা মেডিকেলে ভাইয়ের মরদেহের খোঁজে এসেছিলেন মো. ইলিয়াস আহমেদ। তার ছোট ভাই হাফেজ মো. কাওসার আহমেদ চকবাজারে আগুনে পুড়ে মারা গেছেন। শুধু তিনিই পুড়ে মারা যাননি। তার সঙ্গে পুড়ে মারা গেছেন আরও পাঁচজন।
ইলিয়াস আহমেদ জানালেন, চকবাজারে আগুনের ঘটনায় তার ভাইয়ের সঙ্গে মারা গেছেন—দুজন ডেন্টিস্ট, একজন এমবিবিএস ডাক্তার ও দুজন রোগী। তার ভাই কাওসারের চকবাজারে ‘মদিনা ফার্মেসি’ নামে ওষুধের দোকান ছিল। সেখানে ওষুধ বিক্রির পাশাপাশি ডাক্তাররা চিকিৎসেবা দিতেন। ৎ
গতকাল রাতে আগুনের ঘটনায় সব শেষ হয়ে গেছে। ভাই পুড়ে মারা যাওয়ার পাশাপাশি পুড়ে গেছে দোকান। দোকানে ১৮ থেকে ২০ লাখ মালামাল ছিল। আগুনে সব ছাই হয়ে গেছে। ইলিয়াস আরো জানান, তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি ব্যবসা করতেন। থাকতেন লালবাগে। তার স্ত্রী ও যমজ ছেলে ও মেয়ে রয়েছে। যমজ সন্তানের বয়স ছয় মাস।




