265986

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পুড়ে ছাই অভির

নিউজ ডেস্ক।। কাজী এনামুল হক অভি। কিছুদিন আগেই তিনি বিবিএ পাশ করেছেন। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে বিসিএস ক্যাডার হওয়ার আগেই তার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। রাজধানীর চকবাজারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অভির। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ অভির বাবা মোতালেব কাজী। অভির গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুরে এখন চলছে শোকের মাতম।

জানা গেছে, ঢাকা সিটি কলেজ থেকে সদ্য বিবিএ পাশ করেছেন অভি। টার্গেট ছিল বিসিএস ক্যাডার হওয়া। একারণে ছোট অন্য কোন চাকরির আবেদনও তিনি করেননি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। বাবা-মাকে তিনি প্রায়ই বলতেন তোমাদের ছেলে (এনামুল হক) একদিন বড় অফিসার পদে চাকরি করবে। অভির সেই স্বপ্ন গত বুধবার রাতে ঢাকা চকবাজার ট্রাজেডির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সদরঘাট থেকে ভাতিজা জুলহাস কাজীর সাথে শেষ দেখা করে দাঁতের চিকিৎসা করানোর জন্য চকবাজার গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের মর্গে চাচাতো ভাইয়ের ছেলে রাজিব কাজী এনামুল হক অভির লাশ সনাক্ত করেন।

রাজিব কাজী জানান, অভির মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তার বৃদ্ধ বাবা মোতালেব হোসেন কাজী ও মাতা আখিমন বেগম ছেলের মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করে বলছেন আমার ছেলের আমার ছেলের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে।

ad

পাঠকের মতামত