265953

৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক।। সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক ৮৫০ জন ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশনা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মন বিন সালমান। নরেন্দ্র মোদির অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার টুইটে জানান, দেশের জন্য আরও একটি ভাল খবর মিলেছে। প্রধানমন্ত্রী মোদির অনুরোধে সৌদি আরবের জেলে বন্দি ৮৫০ জন ভারতীয় মুক্তি পেতে চলেছেন। পাশাপাশি এখন থেকে প্রতিবছর দুই লাখ ভারতীয় হজে যেতে পারবেন। সে ব্যবস্থা করতেও রাজি হয়েছেন যুবরাজ বিন সালমন।

গতকাল বুধবার রাতে সৌদি রাজপুত্র মোদির মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গি হানা হয় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুপক্ষই। এই জঙ্গি হানার আবহেই পাকিস্তান হয়ে ভারতে এসেছেন সৌদি রাজপুত্র। বৈঠক শেষ হওয়ার পর মোদি জানান, সৌদির তরফে তাকে জানানো হয়েছে, তারা সন্ত্রাসকে নিয়ন্ত্রণে রাখতে ভারত এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে একজোট হয়ে কাজ করবে।

মোদি বলেন, আমরা দুপক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছি যে, সন্ত্রাসবাদকে সমর্থন করার প্রশ্ন নেই। যে সমস্ত দেশ সমর্থন করে তাদের পাশে থাকার কোনো দরকার নেই।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন সৌদি আরবের কারাগারগুলোতে। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের সংখ্যা দুই হাজার ২২৪ জন। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, ঘুষ, মাদক ও অ্যালকোহল সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে।

এদিকে সৌদি আরব ও ভারতের মধ্যকার সম্পর্ক দুই দেশের ডিএনএ-তে রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক পর্যায়ে মোদিকে ‘হ্যালো ব্রাদার’ বলে সম্বোধন করেন তিনি। তিনি বলেন, ‘ আমি মোদিকে সম্মান করি। তিনি আমার বড় ভাই আর আমি তার ছোট ভাইয়ের মতো। আমি উনার প্রতি খুবই মুগ্ধ।’ মাত্র ৩০ ঘণ্টার সফরে ভারত এসেছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সফর শেষ সরাসরি ভারতে যাননি যুবরাজ। তাই তিনি দেশে ফিরে যান। সংবাদমাধ্যমটির দাবি, কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে উপলব্ধি জোরালো করতে তিনি দেশে ফিরে গিয়েছিলেন। পরে সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দিল্লিতে আসেন তিনি। তবে তার দেশে ফিরে যাওয়া সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

ad

পাঠকের মতামত