চকবাজারের আগুনে আহতদের যথাযথ চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেটি আশপাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভবনগুলো থেকে অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন অর্ধ-শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।




