265787

কেমিকেল গোডাউন ছিল চকবাজারের আগুন লাগা ভবনে

নিউজ ডেস্ক।। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা ভবনটি ছিল কেমিকেল গোডাউন। তাই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করছে সেখানে। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম পরিবর্তন ডটকমকে জানান, যে ভবন থেকে আগুনের সূত্রপাত, ওই বাড়ির মালিকের নাম হাজী আব্দুল ওয়াহেদ। ভবনের নিচতলায় পাউডার ও কেমিকেলের মার্কেট রয়েছে।

উপরের ৫ তলা পর্যন্ত ফ্ল্যাটগুলোতে ২০-২২টি পরিবার থাকতো। তাদের সবাইকে নিরাপদে নামানো হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন পরিবর্তন ডটকমকে জানান। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, আগুন ওই ৫ তলা ভবন থেকে পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঘটনাস্থলে মোট ৩২টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ৫ তলা ভবনটির নিচতলায় থেকেই আগুনের সূত্রপাত। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে। সেখানে আরো ইউনিট পাঠানো হতে পারে।

এ ঘটনায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ৪৪। আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাত ১২টা পর্যন্ত চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধ ১৬ জনকে ঢামেকে নেয়া হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় আরো ২৬ জন ওই হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। অন্যদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত সিদ্দীকুর রহমান পরিবর্তন ডটকমকে জানিয়েছেন, সেখানে আঃমান্নান (৬০) এবং হেলাল উদ্দীন (১৮) নামে দুইজন ভর্তি হয়েছেন। দুজনের অবস্থা আশংকাজনক।

ad

পাঠকের মতামত