তামিম-মুশফিকের মধ্যে কি ঘটেছিল খেলার সময়?
স্পোর্টস ডেস্ক।। বরাবরই আবেগপ্রবণ মুশফিকুর রহিমের। আজও আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে তামিমের সাথে কথা বলার সময় মুশফিকের শরীরী ভাষা দেখে তেমন কিছুই আন্দাজ করা হয়েছিল। তবে অধিনায়ক জানিয়েছেন ভিন্ন কথা। দলীয় ২ রানের মধ্যেই টপ অর্ডারে তিন ব্যাটসম্যানকে হারিয়ে দল ধুকছে। তার ওপরে চাপ নিউজিল্যান্ডের দেয়া পাহাড় সমান রানের টার্গেট। ইনিংস মেরামতের দায়িত্ব এসে পড়েছিল মুশফিক ও মাহমুদউল্লাহের ওপর। আশাও জাগছিল তাদের দুইজনের ব্যাটিং দেখে। কিন্তু নবম ওভারের পঞ্চম বলে টেন্ট বোল্টের মিডল স্টাম্প বরাবর লেন্থ বল ফ্লিক করতে গিয়ে টপ এজে ক্যাচ উঠিয়ে দেন মুশফিক। ২৭ বলে ১৭ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি।
কিছুক্ষণ পর দশম ওভারের দ্বিতীয় বল শেষেই টিভি পর্দায় দেখা যায় তামিম মুশফিককে কিছু একটা বলছিলেন, মুশফিক যখন জবাব দিচ্ছিলেন তখন তার শরীরী ভাষা ছিল ক্ষিপ্ত। প্রথমে ধারণা করা হচ্ছিল দলের বিপদে ও নিজে রান না পাওয়ায় মেজাজ হারিয়েছেন তিনি। ধারাভাষ্যকাররাও দুজনের মধ্যকার ‘বিতর্ক’ নিয়ে তখন কৌতূহল জানান। পুরো সিরিজ জুড়েই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। ব্যর্থ ছিলেন দলের সিনিয়র ব্যাটসম্যানদের সবাই। তিন ম্যাচে তামিম করেন মোট ১০ রান (৫, ৫ ও ০) এবং মুশফিকের ব্যাট থেকে আসে মোট ৪৫ রান (৫, ২৪ ও ১৭)।
তবে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেছেন তামিম-মুশফিকের মধ্যে কোনো বাকবিতণ্ডা হচ্ছিল না। মুশফিক তার আঘাত লাগা আঙুলের ব্যথার কথাই জানাচ্ছিলেন তামিমকে। ম্যাচ শেষে সবার ভুল ভাঙিয়েছেন অধিনায়ক মাশরাফি। তিনি জানান,‘হাতে ব্যথা করছিল ওটাই দেখাচ্ছিল। কারণ ব্যাট করার সময় ওর আঙুলের নখ ফেটে গিয়েছিল, ওটাই দেখাচ্ছিল অনেক ব্যথা করছে ব্যাটিং করতে কষ্ট হচ্ছিল। এটাই। আমার মনে হয় যে যেটা বুঝেছে ভুল বুঝেছে। ও যেটা বুঝাতে চাচ্ছিল যে হাতে ব্যথা করছে।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে কিউইরা। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি।




