কোন মুসলিম আগুনে পুড়ে বা বিল্ডিং ধসে মারা গেলে কি শহীদের মর্যাদা পাবে?
উত্তর: ইন-শা-আল্লাহ্ একজন ভাল মুসলিম আগুনে পুড়ে বা বিল্ডিং ধসে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, যদি সে কোন পাপ কাজ না করতে যেয়ে এই দুর্ঘটনার শিকার হয়। সহীহ হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ(সা) বলেছেন: যে পানিতে ডুবে মারে গেল সে শহীদ, যে পেটের পীড়ায় মারা গেল সে শহীদ, যে আগুনে পুড়ে মারা গেল সে শহীদ, যে প্লেগে মারা গেল সে শহীদ, সন্তান জন্ম দিতে গিয়ে কোন নারী মৃত্যুবরণ করলে সে শহীদ, বিল্ডিং ধসে চাপা পড়ে যে মারা গেল সে শহীদ।
শহীদের মর্যাদা আল্লাহ্র কাছে অত্যন্ত উঁচু। আনাস(রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ(সা) বলেছেন, এমন কোন ব্যক্তিই নাই যে জান্নাতে যাওয়ার পর আবার এই লোভে দুনিয়ায় ফিরে আসতে চাইবে যে, দুনিয়ায় যা কিছু আছে সবই তার হবে। কিন্তু, শহীদ এই ইচ্ছা করবে। কেননা, সে জান্নাতে তার প্রাপ্ত সম্মান ও মর্যাদা প্রত্যক্ষ করে দুনিয়ায় এসে ১০বার শহীদ হতে চাইবে। (বুখারী, মুসলিম, তাহকিক রিয়াদুস সালেহীন ১৩১৯)
যে সব ভাই-বোন তাজরীন গার্মেন্টসে আগুনে পুড়ে এবং চট্টগ্রামে ফ্লাইওভার ধসে মারা গেল আমরা আল্লাহ্র কাছে দু’আ করি আল্লাহ্ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। সাহায্যকারী সূত্রসমূহ: ১। আল ফাতোয়া আল কুবরা – ৩/২৩, ইবনে তাইমিয়াহ




