265308

পাঁচতলা থেকে লাফ রিমান্ডে থাকা ‘জঙ্গির’!

নিউজ ডেস্ক।। ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত শাখা কাউন্টার টেররিজম ইউনিট ভবনে রিমান্ডে থাকা এক ‘জঙ্গি’ পাঁচতলা থেকে লাফ দিয়েছেন। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই জঙ্গি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লাফিয়ে পড়া ওই আসামি শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৬) নব্য জেএমবির সদস্য। ঘটনার সময় তাকে ওই ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, গোলাম হোসেনকে হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় তিনি পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন। ভাগ্য ভালো যে তিনি প্রথমে বিদ্যুতের তারে ও পরে একটি গাড়ির ওপর পড়েন। তিনি জানান, বিদ্যুতের তারে পড়ে তার একটি পা পুড়ে গেছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং সম্পূর্ণ শঙ্কামুক্ত। তার বিরুদ্ধে হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা করা হচ্ছে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ একটি বিস্ফোরণের মতো শব্দ হয়। শব্দ শুনে পাশের ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঘুরে দেখেন, একটি গাড়ির ছাদ থেকে রাস্তার ওপর কেউ একজন এসে পড়লেন। লোকজন দৌড়ে গিয়ে তাঁকে শুশ্রূষার চেষ্টা করেন। এরপর তাকে পুলিশের একটি গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই ব্যক্তি প্রথমে বিদ্যুতের তারের ওপর পড়েন। সেখান থেকে রাস্তার পাশে পুলিশের জব্দ করা একটি প্রোবক্স গাড়ির ছাদে, তারপরে রাস্তার ওপর ছিটকে পড়েন। তাঁর জিনস প্যান্ট কোমরের দিকে ছেঁড়া অবস্থায় দেখা যায়। তিনি কথা বলছিলেন না, তবে তার জ্ঞান ছিল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়ির ছাদটি কিছুটা দেবে আছে। প্রথমে প্রত্যক্ষদর্শীরা এসি মেরামতকারীদের কেউ ওপর থেকে পড়ে গেছেন বলে ভাবলেও পরে তারা বুঝতে পারেন ওই ব্যক্তি তাদের কেউ নন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শেখ গোলাম হোসেনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুর্লভপুর গ্রামে। নব্য জেএমবির সিলেট এলাকার আঞ্চলিক কমান্ডার আল আমিনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গোলাম হোসেনকে গ্রেফতার করা হয়।  তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন বলে ১৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানানো হয়। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত