মন খারাপ তাসকিনের!
স্পোর্টস ডেস্ক।। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন সিলেট সিক্সার্সের নির্ভরযোগ্য বোলার তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্স ও চট্রগ্রাম ভাইকিংসের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ে গুরুত্বর আঘাত পান তিনি। চট্রগ্রামে ইনিংসের ১০ম ওভারে অলক কাপালির বলে মোসাদ্দেক হোসেন লং অন বাউন্ডারি ছাড়া করেন। বাউন্ডারি লাইনে থাকা তাসকিন বল থামাতে গিয়ে ডান পায়ে চোট পান। এরপর মাঠ থেকে সরাসরি এক্সরে করানোর জন্য তাকে মিরপুরের ডিজি ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে চার থেকে ছয় সপ্তাহের বিশ্রাম দেন।
এখন মোটামুটি কিছুটা সুস্থ আছেন তিনি। কিন্তু এখনও খেলার জন্য পুরোপুরি ফিট নন এই পেসার। গতকাল বিডি২৪লাইভের প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ডাক্তার আমাকে কয়েক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। বলেছেন আগামী এপ্রিলের ১ তারিখ পর্যন্ত বিশ্রাম নেওয়ার জন্য। এর আগে যেন কোনভাবেই খেলায় অংশ না নেই। এখন কিছুটা ভালো আছি তারপরও এখন ক্রাচে ভর করে হাঁটতে হচ্ছে।
এদিকে আগামি ১লা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেখানে অনেকে অংশ নিলেও শারীরিক ফিটনেসের জন্য থাকতে পারছেন না তাসকিন। আর খেলায় অংশ না নিতে পেরে অনেকটাই মন খারাপ জাতীয় দলের এই পেসারের।
তাসকিন বলেন, প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরেই কিন্তু আমি অংশ নিতে পারছি না তার জন্য খুব খারাপ লাগছে। মনটাও ভালো নেই। আমার চিকিৎসক এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছেন। আরও এক মাস বিশ্রামে থাকতে হবে আমাকে। এদিকে গেলো ৩ ফেব্রুয়ারি মিরপুরের বিসিবি প্রাঙ্গণে দেখা যায় তাসকিনকে। সেদিন একাডেমি মাঠে চিটাগং ভাইকিংসের ক্রিকেটারদের অনুশীলন চলা অবস্থায় ভাইকিংসের উপদেষ্টা ও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে দেখা করতে ক্রাচে ভর করে বিসিবি প্রাঙ্গণে এসেছিলেন তিনি। নান্নুর সাথে দেখা করার পর সেখানে কিছুক্ষণ থেকে বাসায় চলে যান তাসকিন।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিপিএল টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন এই টাইগার ফাস্ট বোলার। ১২ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছেন তাসকিন। আর বল হাতে দারুণ ছন্দে থাকায় তাসকিন আহমেদ পারফরম্যান্স দিয়ে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হয়েছিল তাসকিনকে। তবে বিপিএলে সিলেটের শেষ ম্যাচে এসে পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় দীর্ঘ এক বছর পর দলে সুযোগ পাওয়া তাসকিনের জন্য দুর্ভাগ্যজনক।




