264978

আমেরিকা-ইসরাইল করবে না, মুসলমানদেরই করতে হবে : রুহানি

ডেস্ক রিপোর্ট।। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা আমেরিকা-ইসরাইল করবে না, আমাদের মুসলমানদেরই করতে হবে। এই অঞ্চলের যে রাষ্ট্রগুলো মনে করছে, ইসরাইল ও আমেরিকা নিরাপত্তা দেবে, তারা ভুলের মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের মুখে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান।’

আলজাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে রোববার এক জনসভায় তিনি এসব কথা বলেন, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ প্রচার করা হয়। প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘এই অঞ্চলের সব রাষ্ট্রের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই…ইরান এই অঞ্চলের কোনো দেশেই কখনও আগ্রাসন শুরু করেনি।’

প্রসঙ্গত, ইরান ও সৌদি আরব বছরের পর বছর ধরে সিরিয়া ও ইয়েমেনে বিবাদমান প্রতিপক্ষকে সমর্থন করে প্রক্সি (বদলি) যুদ্ধ পরিচালনা করে আসছে। তবে ইরানি প্রেসিডেন্টের সর্বশেষ এই প্রচেষ্টার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন হাসান রুহানি। এ ছাড়া ২০১৭ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এ ব্যাপারে প্রচেষ্টা চালান। কিন্তু তার একটাও সফল হয়নি।

তেহরানভিত্তিক বিশ্লেষক হামিদ ফারাহভাসিয়ান বলছেন, ‘চলমান বৈরিতার বিষয়টি বিবেচনায় আনলে বলা যায়, বিবাদমান প্রতিদ্বন্দ্বীগুলোর (দেশ) মধ্যে আলোচনায় বসার কোনো সম্ভাবনা নেই।’

ad

পাঠকের মতামত