‘জোর করে আমাকে নষ্ট করেছে’
নিউজ ডেস্ক।। ঢাকার ধামরাই উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে একটি নির্মাণাধীন ভবনে ওই নারীকে ডেকে নিয়ে আনোয়ার হোসেন (২৫) ও মামুন মিয়া (২৪) নামে দুই ব্যক্তি ধর্ষণ করেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। এ ছাড়া ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা পাঁয়তারা করছেন বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোরে ওই নারীকে বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের ভেতর নিয়ে ধর্ষণ করেন আনোয়ার ও মামুন। ধর্ষণের পর ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ভবনের ভেতর রেখে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ভুক্তভোগী নারীর ভাই জানান, তার বোনকে বাড়ি থেকে ডেকে একটি নির্মাণাধীন ভবনের ভেতর নিয়ে আনোয়ার ও মামুন ধর্ষণ করেছেন। এলাকার মাতব্বররা ধর্ষকদের কাছ থেকে টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা গরিব বলে কি এর কোনো বিচার পাব না।?’ ধর্ষণের শিকার ওই নারী বলেন, ‘আনোয়ার আর মামুন জোর করে আমাকে নষ্ট করছে। স্যার, ওদের ম্যাইরা ফেলা, ওরা খারাপ।’ ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমি এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে ব্যবস্থা নিচ্ছি।’




