জামায়াত দেশে ঘৃণার পাত্র: ব্যারিস্টার রাজ্জাক
জামায়াতে ইসলামী বাংলাদেশে গ্রহণযোগ্যতা পায়নি। দলটি দেশে ঘৃণার পাত্র হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটি থেকে সদ্য পদত্যাগ করা সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। দেশের একটি শীর্ষ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।আবদুর রাজ্জাক বলেছেন, একটি দেশের স্বাধীনতার বিরোধিতা করে কেউ সে দেশের নেতৃত্ব দিয়েছে, এ রকম কোনো ইতিহাস তিনি খুঁজে পাননি। শুক্রবার দল থেকে পদত্যাগ করেন তিনি। দলের আমির মকবুল আহমাদের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।
রাজ্জাক বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিচারপতি নাসিম হাসান শাহ তাকে বলেছিলেন, আমি শুনেছি তুমি জামায়াত করো। তোমাকে একটা কথা বলি। দল হিসেবে ৭১-র বিষয়টির যদি সুরাহা না করতে পারো, তাহলে জামায়াত বেশি দূর এগোতে পারবে না।উল্লেখ্য রাজ্জাক পদত্যাগপত্রে লিখেছেন, অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভেবেছি। কিন্তু এই ভেবে নিজেকে বিরত রেখেছি, যদি আমি অভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং ৭১-এর ভূমিকার জন্য জামায়াত জাতির কাছে ক্ষমা চায়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। কিন্তু জানুয়ারি মাসে জামায়াতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে।
পদত্যাগপত্রের এক জায়গায় আবদুর রাজ্জাক লেখেন, ডিসেম্বরের নির্বাচনের (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর জানুয়ারি মাসে জামায়াতের করণীয় সম্পর্কে আমার মতামত চাওয়া হয়। আমি যুদ্ধকালীন জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিই। অন্য কোনো বিকল্প না পেয়ে বলেছিলাম, জামায়াত বিলুপ্ত করে দিন।




