264148

এ কেমন ব্যাখ্যা সাব্বিরের

স্পোর্টস ডেস্ক।। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। এখন ধবলধোলাই এড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ব্যাটিং-ব্যর্থতার খেসারত দিল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহরা যেন খুঁজেই পাচ্ছেন না নিজেদের। নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও নিজেদের কঙ্কালসার দেহটা দেখালেন তারা! ফল দ্বিতীয় ওয়ানডেতেও ৮ উইকেটে হার। ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল কিউইরা।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই কি এমন করুণ পরিণতি টাইগারদের? সাব্বির রহমান তা মনে করছেন না। বাংলাদেশের এই ব্যাটসম্যান বলছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা নয়। সবই ঠিক আছে। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না। দলীয় স্কোর হৃষ্টপুষ্ট না হলে লড়াই করা যায় না। কিন্তু দুই ম্যাচেই টপ অর্ডারের ব্যাটসম্যানরা যাওয়া-আসার মিছিলে শামিল হন। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। সমস্যাটা আসলে কোথায়?

সাব্বির অবশ্য কোনো সমস্যা দেখছেন না। বললেন, ‘কোনো সমস্যা নেই।’ এর পরই সুর পাল্টে ফেললেন এই ব্যাটসম্যান। বারবার বললেন, ‘সত্যি বলতে কী, আমরা পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’ দুই ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থতার পসরা সাজিয়ে বসলেও ব্যাটসম্যানদের পক্ষই নিলেন সাব্বির। তামিম, মুশফিকদের কোনো সমস্যাই দেখছেন না তিনি।

সাব্বির মনে করেন, নিউজিল্যান্ডের বোলাররা ভালো বোলিং করেছেন। বলেন, ‘আমি কোনো সমস্যা দেখছি না। ওরা (নিউজিল্যান্ড) ভালো বোলিং করেছে। আমরা কিছু ভুল শট খেলেছি। এ কারণেই তাড়াতাড়ি আউট হয়ে গেছি।’ সাব্বির জানিয়েছেন, ধবলধোলাই এড়ানোর চেষ্টা করবেন তারা। বলেছেন, শেষ ম্যাচটা জিতে আমরা ধবলধোলাই এড়াতে চাই। আমাদের লক্ষ্য এখন একটাই। তা হলো, ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষ করা। আশা করছি আমরা তা পারব।

ad

পাঠকের মতামত