263884

বাসায় গ্যাস নেই, হোটেলেও খাবার মিলছে না

পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ না থাকায় রাজধানীর একাংশের মানুষ না খেয়ে দিন পার করছেন। শুধু তাই নয় হোটেলেও মিলছে না খাবার। সিলিন্ডার গ্যাসে রান্না হয় এমন রেস্টুরেন্টগুলোতে সকাল থেকে লম্বা লাইন দেখা গেলেও মিলছে না পর্যাপ্ত খাবার। ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে রাজধানীর লালমাটিয়া,কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁসহ আশপাশের এলাকার বাসিন্দাদের।সকালে ঘুম থেকে উঠে চুলা জ্বালাতে গিয়ে অনেকে জানতে পেরেছেন গ্যাস থাকার বিষয়টি। এরপর নাস্তা করতে হোটেলে গিয়েও আরেকবার ব্যার্থ হতে হয়েছে অনেককেই।

তেমনই একজন রাজধানীর লালমাটিয়ার বাসিন্দা মো. হাসান। তিনি বলেন, সকালে নাস্তার জন্য হোটেলে গিয়ে খাবার পাইনি। কোনো হোটেলে খাবার শেষ, আবার কোনটাতে উপচেপড়া ভিড়সহ দীর্ঘ সারি। পরে বাধ্য হয়ে শুকনো খাবার কিনে ঘরে ফিরতে হয়েছে।শুধু সকালেই নয়, দুপুরেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের। মোহাহাম্দপুর বাসস্ট্যান্ড এলকারার ‘ক্যাফে বাগদাদ’ রেস্টুরেন্টের ম্যানেজার দোলন জানান, সারা দিনের জন্য রান্না করা খাবার দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছে। শুধু তার হোটেলেই নয়, আশপাশের বিভিন্ন হোটেলেও একই অবস্থা।

দোলন বলেন, দুপুর ২টার আগেই সব খাবার শেষ। অনেক মানুষ খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন। একটার পর একটা হোটেলে ঘুরেও প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না তারা।লালবাগ বিরিয়ানী হাউসে আসা তানজিনা জান্নাত নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার কোনো মানে হয় না। সকালে গ্যাস থাকবে না, এটা রাতে জানিয়ে দিলেই সবাই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারতো।

এর আগে শনিবার সকালে রাজধানী ঢাকা ও এর আশেপাশে কয়েকটি এলাকায় যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁ এবং ঢাকার মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়ার আশপাশে এই অসুবিধা তৈরি হয়েছে।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতে আজ পুরো দিন লাগতে পারে। রোববার হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

ad

পাঠকের মতামত