263737

প্রথম যাত্রাতেই বিকল মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস

তার যাত্রা শুরু হয়েছে মাত্র এক দিন আগে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের রেল ‘ট্রেন ১৮’, যা বন্দে ভারত এক্সপ্রেস নামেই পরিচিত, তাঁর হাতেই যাত্রা শুরু করে ১৫ ফেব্রুয়ারি।রাজধানী শহর থেকে বারাণসী পৌঁছতে কোনও অসুবিধাই হয়নি যাত্রীদের। কিন্তু ফেরার পথে, দিল্লির ২০০ কিলোমিটার আগে সমস্যা হয় ট্রেনটির। শনিবার ভোর ৫টা নাগাদ, চামরোলা স্টেশন পৌঁছনোর আগেই বেশ কয়েকটি কামরার আলো-পাখা-এসি বন্ধ হয়ে যায়। এবং ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগ থেকে নেমে তা হয়ে যায় মাত্র ১০ কিলোমিটার। এর পরে বাধ্য হয়েই দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, প্রায় তিন ঘণ্টা পরে আবারও চলা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। তবে ঘণ্টায় মাত্র ৪০ কিলোমিটার বেগে। ততক্ষণে যাত্রীদের অন্য একটি ট্রেনে রওনা করানো হয়।রেলের ব্রেক সিস্টেমে সমস্যা হওয়াতেই এমন বিপত্তি হয় বলে জানা গিয়েছে। দিল্লি পৌঁছে মেরামতির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতা রাখে বলে জানা গিয়েছিল রেলমন্ত্রক থেকে। কিন্তু এ দিন ১৩০ কিলোমিটার গতিতেই সমস্যা দেখা দেয় ট্রেনটির। ট্রেনের ভবিষ্যৎ নিয়ে যাত্রীরা ভাবিত হলেও, ইতিমধ্যে আরও ১০০টি এমন রেল তৈরির পরিকল্পনা রয়েছে মন্ত্রকের।

ad

পাঠকের মতামত