263879

কাশ্মীর হামলায় ছোট হলো সৌদি যুবরাজের পাকিস্তান সফর

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পাকিস্তান সফরের সময় একদিন কমিয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, শনিবার সালমানের পাকিস্তান পৌঁছানোর কথা থাকলেও তিনি রোববার সেখানে পৌঁছাবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর পাকিস্তান সফরসূচি পরিবর্তন করেন সালমান। এই সফরে মোটা অঙ্কের বাণিজ্যিক চুক্তি করার সম্ভবনা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে চলা ইসলামাবাদ বোর্ড অফ ইনভেসমেন্ট জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি যে সৌদি বাণিজ্য সম্মেলন হওয়ার কথা, তা বাতিল হয়ে গেছে।

গত বছরের অক্টোবরে পাকিস্তানকে বড় অঙ্কের ঋণ দেয়ার কথা জানায় সৌদি আরব। পাশাপাশি পাকিস্তানের বন্দর শহর গদরেও কিছু বিনিয়োগের কথা জানিয়েছিল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওই এলাকা দিয়ে অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ শুরু করেছে চীন। এ নিয়ে নিজেদের আপত্তির কথা আগেই জানিয়েছে ভারত। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সপ্তাহেই নয়াদিল্লি আসবেন সৌদি আরবের যুবরাজ। চলতি বছর ভারতের মাটিতে জি-২০ সম্মেলন বসবে। সেই বৈঠকেও মোদির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি যুবরাজকে।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বেহাল অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য সৌদি আরবের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে সৌদি পাকিস্তানকে ৬০০ কোটি ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পাকিস্তানের পেট্রোকেমিক্যাল শিল্পে এক হাজার কোটি ডলার বিনিয়োগের উদ্যোগও নিয়েছে তারা।

ad

পাঠকের মতামত