তৌকীর-তিশার ‘ফাগুন হাওয়ায়’ দেখে মুগ্ধ রাষ্ট্রপতি
বিনোদন প্রতিবেদক : সপরিবারে ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে ‘ফাগুন হওয়ায়’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেসময় তিনি ছবিটি দেখেছেন।সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য, বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবার, ‘ফাগুন হাওয়ায়’ ছবির কলাকুশলীরা ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট আরও অনেকে।
ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান, ছবিটির প্রদর্শনী শুরু হয় বিকেল চারটায়। ছবির প্রদর্শনীর পর রাষ্ট্রপতি এগিয়ে এসে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, ছবিটির ভূয়সী প্রশংসা করেন এবং নানা বিষয় নিয়ে কথা বলেছেন।নিজের অনুভূতি জানাতে গিয়ে তৌকীর বলেন, রাষ্ট্রপতির আন্তরিকতার কথা সব সময়ই শুনেছি। এবার তা কাছ থেকে দেখেছি। তার আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ। দেশের সর্বোচ্চ অভিভাবক যখন একটি ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখেন, তা চলচ্চিত্রের জন্য ইতিবাচক ঘটনা।
এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘ফাগুন হাওয়ায়’ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করবে। ভাষা আন্দোলন নিয়ে লেখক, গবেষক, নাট্যকার ও চলচ্চিত্রকারদের আরও বেশি করে কাজ করতে হবে।‘ফাগুন হাওয়ায়’ ছবিটি গতকাল দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।




