263236

ভ্যালেন্টাইনে বিতণ্ডা, ফাঁস নিয়ে আত্মঘাতী ফয়সাল

কুমিল্লায় গলায় ফাঁস নিয়ে আওসাদ আলম ফয়সাল (২৫) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকার বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।ফয়সাল কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকার আলমগীর হোসেনের একমাত্র ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক (বিবিএস) পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন।নিহতের পরিবার জানায়, পড়ালেখার পাশাপাশি ফয়সাল শর্টফিল্ম নির্মাণ করতেন। দেড় বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। শ্বশুর বাড়ি টাঙ্গাইল হলেও কুমিল্লা নগরীর বাদুড়তলায় থাকতেন এই দম্পতি।

ফয়সালের বাবা আলমগীর হোসেন জানান, একমাত্র সন্তান হওয়ায় সে সবার মধ্যমণি হয়ে থাকতো। পরিবারের কারও সঙ্গেই তার কোনো ঝামেলা ছিল না। তবে, প্রচণ্ড অভিমানী ছিল। সারাক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতো।তিনি বলেন, ‘আমার ধারণা, ফয়সাল ওর বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে বিতণ্ডা করেছে। আর সেই থেকে অভিমানে এই পথ বেছে নিয়েছে।’কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয় তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ad

পাঠকের মতামত