263082

গৃহকর্মীকে মারধর-ধর্ষণ, গৃহকর্তাসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক।। বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে মারধর করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মহানগরের বিমানবন্দর থানা পুলিশ বাড়ির মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের বাসিন্দা মো. মজিবর রহমানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিন জন হলেন, গৃহকর্তা মো. মজিবর রহমান (৫০), তার স্ত্রী মোসা. সায়লা রহমান (৩০) এবং তাদের দোকান কর্মচারী মো. মাসুম। তাদের মধ্যে দোকান কর্মচারী মাসুমের বিরুদ্ধে ওই শিশুটিকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান মুকুল জানান, এক বছর আগে ওই শিশুকে তার চাচার কাছ থেকে গৃহপরিচারিকার কাজে নিয়ে আসেন মজিবর-সায়লা দম্পতি। কিন্তু কাজে কোনো ধরনের ত্রুটি হলে গৃহকর্তা ও তার স্ত্রী প্রায়ই ওই শিশুটিকে মারধর করতেন। এমনকি কোনো কাজে ভুল করলে সায়লা গরম খুন্তি দিয়েও শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতেন।কিছুদিন আগে মজিবর রহমান গরম ইস্ত্রি দিয়ে ভুক্তভোগী শিশুটির বাম গালে ছ্যাঁকা দেন। এতে শিশুটির গালের চামড়া পুড়ে যায়। তা ছাড়া শিশুটিকে চাহিদা মতো খাবারও দেওয়া হতো না। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি শিশুটির কাজে ভুল ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, চর থাপ্পর মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

আবদুর রহমান মুকুল আরও জানান, শিশুটিকে মজিবর রহমান ও তার স্ত্রী বাসায় রেখে বাইরে গেলে সে সুযোগে তাদের দোকান কর্মচারী মাসুম শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু বিষয়টি মজিবর রহমান ও তার স্ত্রীকে জানালেও মাসুমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।উল্টো শিশুটিকে মারধর করে বিষয়টি কারও কাছে বলতে নিষেধ করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে গৃহকর্তাসহ তিন জনকে আটক করে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ad

পাঠকের মতামত