262217

মায়ের অসর্তকতায় চোখের সামনে মেয়ের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ের সামান্য অসতর্কতায় চোখের সামনে গাড়ি চাপা পড়ে ফুটফুটে শিশু কন্যার অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জয়শ্রী দেবী (৫)। সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকার মিন্টু কুমার নাথের মেয়ে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে বাঁশবাড়িয়ার বাসিন্দা মিন্টু কুমার নাথ তার স্ত্রী ও সন্তান জয়শ্রীকে নিয়ে সীতাকুণ্ড সদর বাসস্ট্যান্ডে আসেন। তিনি মহাসড়কের পশ্চিমপাশে স্ত্রীর কাছে জয়শ্রীকে রেখে পূর্বপাশের ফলের দোকানে কমলা কিনতে যান। কিন্তু মেয়েকে মা হাত ধরে না রাখার সুযোগে হটাৎ জয়শ্রী বাবার কাছে যাবার উদ্দেশে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এতে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের (নং চট্টমেট্টো ট ১১-২৫৪২) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সীতাকুণ্ড সদর ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার ও সার্জেন্ট আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের অসর্তকতার কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটে গেছে। ব্যস্ততম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ছোট্ট মেয়েটিকে মা হাত থেকে ছেড়ে না দিলে এ ঘটনা ঘটত না। সড়কে চলতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। হাত ছাড়া থাকায় মেয়েটি রাস্তার পূর্ব পাশে থাকা বাবার কাছে যাবার জন্য দৌড় দেওয়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আমরা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এদিকে ঘটনার পর সেখানে উপস্থিত বাবা ও মায়ের আহাজারিতে উপস্থিত সবার চোখে পানি এসে যায়। জয়শ্রীর বাবা মিন্টু কুমার নাথও স্ত্রীর অসতর্কতায় মেয়েকে এভাবে হারাতে হয়েছে বলে জানান।

অন্যদিকে গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার জোড়ামতল এলাকায় মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দীপক দত্ত (৪০) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী। নিহত ব্যক্তি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার দিঘলিয়া গ্রামের বকুল দত্তের ছেলে। সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আবু আবদুল্লা বলেন, বিকেল ৪টার সময় মহাসড়কের জোড়ামতল এলাকায় মোটরসাইকেলযোগে তিন আরোহী গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠার সময় কয়লা ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়লে আরোহী দীপক দত্ত পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ad

পাঠকের মতামত