262382

নতুন ভবন নির্মাণকারীদের সুখবর দিলেন মন্ত্রী

এতদিন ভবন নির্মাণের নকশা অনুমোদনে ১৬টি সংস্থার অনুমোদন প্রয়োজন হত। তবে এখন থেকে ১২টি সংস্থার আর অনুমোদন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সমন্বয়ে ‘রাজউক-চউক এর সেবা সহজীকরণ’ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।গণপূর্তমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো আমাদের অন্যান্য কর্তৃপক্ষ যেগুলো রয়েছে সেগুলো থেকে ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন নিতে হয়। এতদিন এই অনুমোদন প্রক্রিয়ায় ১৬টি স্তর অতিক্রম করতে হতো। আমরা দেখেছি গতানুগতিকভাবে যে ১৬টি স্তর অতিক্রম করতে হতো এর কোনো আবশ্যকতা নেই।

এগুলো শুধুমাত্র সেবাপ্রার্থীদের ভোগান্তি বাড়ানো ও নামকাওয়াস্তে একটি পদ্ধতির ভিতর ঢুকিয়ে দেয়া ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন শ ম রেজাউল করিম।তিনি আরও বলেন, এই স্তরগুলো অতিক্রম করতে গিয়ে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হতো। আমরা এটি গভীরভাবে পর্যালোচনা করেছি। বিডা আমাদের এ বিষয়ে সবচেয়ে বেশি সহায়তা করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৬টি স্তরের পরিবর্তে ৪টি স্তর প্রয়োজন হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে। তাই আজ আমরা ১২টি স্তরকে বাদ দিয়ে দিচ্ছি।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী এখন থেকে ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ, গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ, ওয়াসা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ডসহ ১২টি সংস্থার অনুমোদন আর প্রয়োজন হবে না।

ad

পাঠকের মতামত