262344

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক।। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে আফ্রিকার ব্লুপনটিনের বোচাবিলু নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল দাগনভূঞা পৌর শহরের আমানউল্ল্যাহপুর গ্রামের শাফি কোম্পানি বাড়ির মফিজুর রহমান ড্রাইভারের ছেলে। নিহতের পরিবার জানায়, ইকবাল হোসেন ১২ বছর আগে আফ্রিকায় পাড়ি জমায়। ওই দিন রাতে আফ্রিকার সন্ত্রাসীরা ইকবারের দোকানে ঢুকে মালামাল লুট করে। এ সময় বাধা দিলে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে আফ্রিকায় থাকা নিহতের ছোট ভাই ইমরান হোসেন সুমন হাসপাতাল মর্গে গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করেন। পরে বিষয়টি বাবা-মাকে ফোন করে জানান তিনি।

সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের বাবা মফিজুর রহমান ও মা জাহানারা বেগম, স্ত্রী- নাসরীন আক্তারসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। মফিজুর রহমানের ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে নিহত ইকবাল সবার বড়। দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগে উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের মহিন উদ্দিন ও শ্রীধরপুর গ্রামের নাজমুল হুদা বিপ্লবকে গুলি করে হত্যা করে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা।

ad

পাঠকের মতামত