মধুর ক্যান্টিনে ছাত্রদল-ছাত্রলীগ পাশাপাশি
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ছাত্রদল। এ লক্ষ্য সামনে রেখে বুধবার মধুর ক্যান্টিনে এসেছে বিএনপির ছাত্র সংগঠনটি।জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্র রাজনীতির আতুড়ঘর নামে খ্যাত মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এরপরই ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ আরো কয়েকটি ছাত্র সংগঠন মধুর ক্যান্টিনে যায়। তবে সবার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন মধুর ক্যান্টিনে। ছাত্রদল নেতারা মধুতে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিতে থাকেন।
মধুর ক্যান্টিনে এ মুহূর্তে ছাত্রদল ছাড়াও ছাত্রলীগ ও বাম সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। ক্যান্টিনের ভেতরে-বাইরে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের আগমনে এখন সরগরম মধুর ক্যান্টিন।আগমনের হেতু জানতে চাইলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির বাংলাদেশ জার্নালকে বলেন, ছাত্রলীগের বাধার কারণে দীর্ঘদিন ধরে ছাত্রদল ক্যাম্পাসে আসতে পারে না৷ তবে, ডাকসু নির্বাচন সামনে রেখে আমরা ক্যাম্পাসে এসেছি। মধুতে কিছুক্ষণ অবস্থান করে আমরা চলে যাব।
এদিকে, ছাত্রদল নেতারা ডাকসুর কার্যক্রম নিয়ে সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও ছাত্রলীগের স্লোগানের কারণে তারা সংবাদ সম্মেলন করতে দেরি করে। এরই মধ্যে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশে প্রক্টর টিমের দুইজন সদস্যকে দেখা যায়। যদিও তারা কিছুক্ষণ থেকে চলে যান।




