নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট
স্পোর্টস ডেস্ক: নতুন বছরে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেই হারের মুখ দেখলো বাংলাদেশ ক্রিকেট। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। শুরুতে ব্যাট করে দলের ব্যাটিং ব্যর্থতার মুখেও মিথুনের ব্যাটে ২৩৩ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে তাদের এ রানের আগে আঁটকে রাখতে হলে বাংলাদেশকে দুর্দান্ত কিছু করতে হত। কিন্তু এই রানে কিউইদের আটকাতে পারেনি মাশরাফিরা। ফলে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলে জিতল কিউইরা। এই জয়ে তিনম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রইলো স্বাগতিক নিউজিল্যান্ড।
বুধবার নেপিয়ারে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মিথুন-সাইফউদ্দীনের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান তোলে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ৫ রানের মাথায় বোল্টের শিকার হয়ে পাঁচ রানে বিদায় নেন তামিম। এরপর মাত্র এক রান করে দলের ১৯ রানে বিদায় নেন লিটন দাস। ক্রিজে দাঁড়াতেই পারেননি মুশফিক। তিনি করেন ১৪ বলে ৫ রান। তবে রান পেয়েছে সৌম্য সরকার। কিন্তু ২২ বলে ৩০ রান করে ফিরে গেলে বড় চাপে পড়ে বাংলাদেশ।
সৌম্যের বিদায়ের পর মিথুন ও মাহমুদউল্লাহ ব্যাটিং বিপর্যয় সামাল দিতে গিয়ে উল্টো ১৩ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ। সাব্বির ১৩ রানে সাজঘরে ফেরেন। মিরাজ ২৭ বলে ২৬ রান করেন।এরপর মিথুনের সঙ্গে ব্যাটিংয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান তুলে দলীয় ১৩১ রানে তিনিও হাঁটেন সাজঘরের পথে। স্যান্টনারের বলে নিশমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার।
এরপর সাইফউদ্দীনকে সঙ্গে করে এগুতে থাকেন মিথুন। ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ফিফটির দোরগোড়ায় এগিয়ে যান তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিয়ে যাওয়া সাইফউদ্দিন। তবে হঠাৎই পথ হারান তিনি। স্যান্টনারের বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ফেরার আগে ৫৮ বলে ৩ চারে ৪১ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মিথুন। এবার তার লড়াইও থামে। ফার্গুসনের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। বিদায়ের আগে ৯০ বলে ৫ চারে ৬২ রানের সংগ্রামী ইনিংস খেলেন তিনি। পরে সাত বল থাকতে ২৩২ রানে থামে বাংলাদেশ।
২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন হেনরি কিউই দুই ওপেনার নিকোলস ও মার্টিন গাপটিল। বিনা উইকেটেই ১০০ রান তুলে ফেলে স্বাগতিকরা। এরপরই খেই হারান নিকোলস। মেহেদী হাসান মিরাজের বল উইকেট ছেড়ে মারতে এসে ইনসাইড এজ হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। ৮০ বলে ৫ চারে ৫৩ রান করেন বাঁহাতি ব্যাটার। নিকোলস ফিরলে ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। তবে বেশিদূর যেতে পারেননি তিনি। দলীয় ১৩৭ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক। গাপটিলের ১১৭ ও রস টেইলরের ৪৫ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।




