দুবাই ফেরত ছেলেকে আনতে গিয়ে বাবা-মা’র মৃত্যু
নিউজ ডেস্ক।। দুবাই ফেরত ছেলেকে আনতে গিয়ে সড়কে বলি হলেন বাবা-মা। চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবাসহ ৩ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন শিশুসহ অন্তত ৪ জন। দগ্ধদের মধ্যে ২ শিশুকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি। চট্টগ্রাম মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রবিউল আজম জানায়, ছেলেকে আনতে মাইক্রোবাসে করে কুমিল্লার মনোহরগঞ্জের কামালপুর এলাকা থেকে বাবা-মা ও নাতি নাতনিদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছালে মাইক্রোবাসটি সামনের একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
এসময় মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানটির সাথে আটকে গেলে ২শ’ মিটার পথ সেটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কাভার্ড ভ্যানটি। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক ও বিদেশ ফেরত আব্দুল মোমিনের বাবা-মা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আহত ৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দগ্ধ ২ শিশুকে কুমিল্লা মেডিকেলে নেয়া হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক। উৎস: সময়টিভি।




