চলন্ত অবস্থায় হার্ট অ্যাটাক বাসচালকের, অতপর…
ডেস্ক রিপোর্ট।। বাসের ভেতর প্রায় ৫০ জন যাত্রী। সকালের বাস তাই সবাই হয়তো অফিসমুখী। চালকও ছিলেন ঠিকঠাক। কিন্তু হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়। বুকে প্রচণ্ড ব্যথায় কুকড়ে যাচ্ছিলেন। দমও বন্ধ হয়ে আসছিল তার। এরপরও কিছুদূর চালিয়ে বাস নিরাপদে দাঁড় করান চালক। এরপর নেতিয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। ৫১ বছর বয়সী ওই চালকের নাম সর্বেশ্বরণ। ৫০ জন যাত্রীকে নিরাপত্তা নিশ্চিত করলেও তিনি নিজে শেষ পর্যন্ত বাঁচতে পারেননি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এমটিসি বাসের চালক সর্বেশ্বরণ সকাল ৮টার সামান্য পর গাড়ি চালিয়ে ব্যস্ত সড়ক দিয়ে চেন্নাইয়ের কোয়ামবেড়ু থেকে কাঞ্চিপুরম যাচ্ছিলেন। সাড়ে ৮টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও খেয়াল রাখেন, বাস নিয়ন্ত্রণ হারিয়ে যেন বড় দুর্ঘটনা না ঘটে। পরে তিনি রাস্তার পাশে নির্দিষ্ট জায়গায় বাস থামান। সহকারীকে ডেকে সব যাত্রীকে বাস থেকে নামাতে বলেন। সবাই নেমে গেলে চালক নেতিয়ে পড়েন। সহকারী তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।




