261883

হজের খরচ বাড়িয়েছে সৌদি আরব

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সরকার এবার হজযাত্রার খরচ কমিয়ে আনলেও সৌদি আরবের সার্ভিস চার্জ বেড়ে যাওয়ায় মোট খরচ বেড়ে গেছে। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ খরচ বাড়ার কারণ ব্যাখ্যা করেন তিনি।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার প্যাকেজ ১-এ প্রস্তাব করা হয়েছিলো ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা। বিমান ভাড়ার প্রস্তাবনাই ছিলো ১ লাখ ৪৮ হাজার টাকা। আমরা চেষ্টা করেছি কমাতে। এবার প্যাকেজ ঘোষণা হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৫১৬ টাকা। তাই তুলনামূলক হজের খরচ কমেছে।

তিনি জানান, সৌদি সরকারের নির্ধারণ করা খরচ সারাবিশ্বের জন্যই এক। এটা কেউ কমাতে পারে না। আমাদেরও কমানোর সুযোগ নেই। এই টাকা নেবে সৌদি আরব সরকার। তারা এবার সেই খরচ ২৫ হাজার টাকা বাড়িয়েছে। আর এতেই বেড়েছে হজের খরচ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল কেবিনেটে বলেছেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। তাদের চোখে কোনো কষ্ট, মনে কোনো ব্যথা দেখতে চাই না।’

প্রতিমন্ত্রী আরো বলেন, এ বছর হজে খারাপ কিছু হবে না, এটা নিশ্চিত। আমি ৪/৫ বার হজে গিয়েছি। আমি ভোগান্তিতেও পড়েছি। আমি জানি হাজিদের ভোগান্তি কোথায়। সবাই যে কষ্ট করেন, আমিও তা করেছি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, সুযোগ পেলে এই কষ্ট দূর করবো। আল্লাহ সেই নিয়ত কবুল করেছেন। কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা হাজিদের সন্তুষ্ট করার চেষ্টা করবো।

এবার হজ পালনে প্যাকেজ-১ এ খরচ পড়বে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৪৪ হাজার টাকা খরচ করতে হবে। আগের বারের হজের তুলনায় প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ২০ হাজার ৫৭১ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১২ হাজার ৬৪১ টাকা। গত হজে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। অপরদিকে প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অগাস্ট হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ বছর যারা হজে যেতে চান তাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে।

এবার রমজান মাসের আগেই সৌদিতে বাড়ি ভাড়া করতে হবে। সৌদির বাড়ি ভাড়া এবং সার্ভিস ও ক্যাটারিং চার্জ অনলাইনে জমা দিতে হবে। হজযাত্রীরা সৌদি আরবে যে বাড়িতে থাকবেন এবার থেকে ওই বাড়ির ঠিকানা পাসপোর্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে বলেও সোমবার জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ad

পাঠকের মতামত