বিয়ের তিন মিনিটেই তালাক!
বিয়ের আনুষ্ঠানিকতা সেরে সবেমাত্র আদালত থেকে বেরিয়ে ছিলেন নব দম্পতি। কিন্তু তিন মিনিট পরই বরকে তালাক দিয়েছেন কনে। বরের ছোট একটি ভুলের জন্য কনে তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন। ‘কিউ8 নিউজ’ নামের একটি গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদ মাধ্যম ‘মিরর অনলাইন’। এতে বলা হয়, আদালত থেকে বের হওয়ার সময় হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ায় কনেকে ‘স্টুপিড’ বলেন বর। আর কনে এতে প্রচণ্ড রেগে যান এবং বিচারকের কাছে গিয়ে বরকে তালাক দেয়ার কথা জানান।
কনের দাবি মেনে বিচারক তিন মিনিট আগে যাদের বিয়ে সম্পন্ন করেন, তাদের তালাকে সম্মতি দেন। অথচ তারা স্বামী-স্ত্রী হিসেবেই তার কাছ থেকে বিদায় নেন। কুয়েতের ইতিহাসে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত বিয়ে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই মন্তব্য করেন যে কনে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। টুইটারে একজন লেখেন, শুরুতেই একের প্রতি অন্যের সম্মান না থাকলে বৈবাহিক জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়।




