এবার বন্ধ হচ্ছে জুয়া খেলার সব সাইট
নিউজ ডেস্ক।। জুয়া খেলার সব সাইট বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার ( ৮ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। পর্ন সাইটের পর দেশে জুয়া খেলা যায় এমন সাইটের লিঙ্ক বন্ধ হচ্ছে এমন ঘোষণা এলো। মোস্তাফা জব্বার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ইন্টারনেটে জুয়াও খেলা হয়। ১২টি সাইট পেলাম, বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।
অপর এক স্ট্যাটাসে মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২৪৪টি পর্ন সাইটের পর আরও এক হাজার ৩১৪টি পর্ন সাইট খুঁজে পেয়েছে সংশ্লিষ্টরা, যা বন্ধের প্রক্রিয়ায় রয়েছে।
ওই স্ট্যাটাসে মন্ত্রী জানান, ২৪৪টি পর্ন সাইট এরই মাঝে বন্ধ করা হয়েছে। আমাদের টিম আরও ১৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এর সবগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সকল নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়। আমরা করবো জয়।
এর আগে বাংলাদেশে ২৪৪টি পর্নগ্রাফিবিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে সরকার। ৬ ফেব্রুয়ারি, বুধবার ওইসব ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়।




