বিএনপিকে জাফরুল্লাহ’র পরামর্শ
খালেদা জিয়াকে মুক্ত করতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮ দিন অবস্থান ধর্মঘট করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং দেশব্যাপী দলটির বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপিকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আন্তর্জাতিক চক্র এবং তাদের অনুগত দাস, এই সরকারের চক্রান্তের কারণে বেগম জিয়া কারাগারে। আর বিচারপতিদের কাছে সুবিচার পাওয়া যাবে না। আজ (ফেব্রুয়ারি) মাসের ৮ দিন চলে গেছে, বাকি আছে ১৮ দিন। ঢাকার প্রতিটি ওয়ার্ডের এক হাজার নেতাকর্মীদের নিয়ে একদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘাট করুন। একইভাবে তারপরের দিন ছাত্রদল ১ হাজার কর্মীদেরকে অবস্থান ধর্মঘট করবে। তারপরে বিএনপির যাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদেরকে আধা বেলা অবস্থান করবে। এভাবে ১৮ দিন অবস্থান ধর্মঘট করুন। আমি সুস্থ্য না, এরপরও আমি থাকবো। কারণ এছাড়া কোন পথ নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ বক্তব্যে রাখেন।




