তেলাপোকা বনাম সাবেক প্রেমিক-প্রেমিকা
আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে গেছেন, কিংবা যে কোনো কারণে ভেঙে গেছে আপনাদের সম্পর্ক। কিন্তু এখনও তাকে ক্ষমা করতে পারেননি। তার কথা মনে আসলে এখনও অপমানিত বোধ করেন। হুম,আপনাদের মত লোকজনের জন্যই দারুণ এক সুযোগ তৈরি করেছে এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভ্যালেন্টাইনস ডে’র আগেই প্রাক্তনের ওপর প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছেন আপনারা।টেক্সাসের এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের দর্শনার্থীদের সাবেক প্রেমিক বা প্রেমিকার নামে চিড়িয়াখানার তেলাপোকার নামকরণ করার সুযোগ দিচ্ছে।
এরপর মীরক্যাট নামে এক ধরণের বনবিড়ালের খাদ্য বানানো হবে সেই সব তেলাপোকাকে।চিড়িয়াখানায় মীরক্যাটের বেষ্টনীর মুখে লেখা থাকবে নামকরণ হওয়া সেই সব সাবেক প্রেমিক বা প্রেমিকার নাম, পরে যা সামাজিক মাধ্যমে পোষ্ট করা হবে।আয়োজক সারাহ বোরেগো বলছেন, ভ্যালেন্টাইনস ডে পালনের প্রথাসিদ্ধ উদযাপনের বিপরীতে এই আয়োজন ‘ব্যতিক্রমী এবং মজার’।‘আমাদের সবারই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা আছে, যাদের সাথে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতাগুলোর কথা আমরা ভুলিনি। এই আয়োজনের মাধ্যমে হয়ত আমরা মনের ভেতরের হতাশা কিছুটা হলেও ঝেড়ে ফেলতে পারবো।’
ভ্যালেন্টাইনস ডে’র দিনে এই অনুষ্ঠান যখন চলবে সেটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।গত সোমবার কর্তৃপক্ষ ফেসবুকে এই ইভেন্ট ঘোষণা করে, ইতিমধ্যেই পনের শত মানুষ এতে অংশ নেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন।বহু মানুষ অংশ নেবার আগ্রহ প্রকাশ করে লিখছেন। এর মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এমনকি জার্মানি এবং অস্ট্রেলিয়া থেকেও আবেদন করছেন। এরই মধ্যে এই আয়োজন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে টুইটারেও।
কেমন হবে এই আয়োজন? সাবেক প্রেমিক প্রেমিকার নামের প্রথম অংশটি কেবল উল্লেখ করা যাবে এই প্রতিযোগিতায়। চিড়িয়াখানার মূল ফটকে বড় স্ক্রিনে দেখা যাবে সেসব নাম, একই সাথে সামাজিক মাধ্যমেও প্রকাশ করা হবে নাম। বোরেগো মনে করেন, এই আয়োজনে যুক্ত হবার জন্য মানুষের যে ব্যাপক আগ্রহ, তার ফলে এটাই প্রমাণিত হয় যে কত মানুষ ভ্যালেন্টাইনস ডের প্রথাগত উদযাপনের ওপর বিরক্ত। এছাড়া চিড়িয়াখানার এই অভিনব উদযাপন নিয়ে এখনো পর্যন্ত কেউ আপত্তি জানায়নি, এমনকি সামাজিক মাধ্যমেও নয়।
তেলাপোকার ভাগ্যে কী ঘটবে? হতাশ বা ক্ষুব্ধ প্রেমিক-প্রেমিকার হতাশার বোঝা নিয়ে একদিনের জন্য তেলাপোকাগুলো নিজেদের উৎসর্গ করবে। কয়েক হাজার তেলাপোকা মীরক্যাট ও বানরের পেটে যাবে। মানুষ যেমন করে বিস্কুট খায়, সেরকম একটি একটি করে তেলাপোকা খাওয়ানো হবে।তবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি চিড়িয়াখানাতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।অন্যদিকে, অস্ট্রেলিয়ার সিডনি চিড়িয়াখানায় নিজের সাবেক প্রেমিক-প্রেমিকার নামে বিষাক্ত সাপের নামকরণ করার সুযোগ দিচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।তবে কেন তারা নিজেদের প্রাক্তনদের নামে বিষাক্ত সাপের নামকরণ করছে সেটি প্রকাশ্যে ব্যাখ্যা করতে হবে। সূত্র: বিবিসি বাংলা




