হঠাৎ উপজেলা চেয়ারম্যাদের পদত্যাগের হিড়িক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগের হিড়িক পড়েছে। এ জন্য অনেকেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রণালয়ে ভিড় করছেন। পদত্যাগের পর আসন শূন্য ঘোষণা করার প্রজ্ঞাপন নিয়ে যাচ্ছেন তারা।আজ ৭ ফেব্রয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে অন্ততপক্ষে ২০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের পর আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন নিতে দেখা যায়।মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন নেওয়ার পর কয়েকজন চেয়ারম্যান বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হলে পদত্যাগ করতে হবে বলে তারা জানাতে পেরেছেন। এজন্য তারা পদত্যাগ করে আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে যাচ্ছেন যাতে প্রার্থিতা বাছাইয়ে বাদ না পড়েন।
আজ যারা পদত্যাগ করে প্রজ্ঞাপন নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন- বাহুবলের উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, সুনামগঞ্জ তাহিরপুরের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ছাতকের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবুল কালাম, কুড়িগ্রাম সদরের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা পারভীন, চিলমারীর চেয়ারম্যান শওকত আলী সরকার, রাজীবপুরের চেয়ারম্যান সফিউল আলম।
পদত্যাগ ও প্রজ্ঞাপন সংক্রান্ত কাজের জন্য কাল ৮ ফেব্রুয়ারি শুক্রবার এবং ৯ ফেব্রুয়ারি শনিবারও মন্ত্রণালয় খোলা থাকবে বলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানিয়েছেন।প্রসঙ্গত, এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮ জুন।




