অবশেষে ভুল করে পাঠানো ‘ম্যাসেজ ডিলিটের’ ফিচার আনলো ফেইসবুক
ভুল করে পাঠানো ম্যাসেজ মুছে দিতে বেশ কিছুদিন ধরেই আবেদন ছিল ব্যবহারকারীদের। এবার সেই ফিচারটি সত্যি সত্যিই নিয়ে আসলো ফেসবুক। ম্যাসেঞ্জারের চ্যাট মুছে ফেলার ফিচার ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে ফেইসবুক। ফিচারটি ব্যবহার করে অসাবধানতাবশত পাঠানো ভুল ম্যাসেজ, ছবি, ডকুমেন্ট বা বিব্রতকর ম্যাসেজ ডিলিট করার জন্য ১০ মিনিট সময় পাওয়া যাবে।
আপডেটটি যুক্ত হওয়ায় ডিলিটের বদলে দেখা যাবে ‘রিমুভ ফর এভরিওয়ান ‘অপশন। তবে ম্যাসেজ মুছে ফলার বিষয়টি বার্তার মাধ্যমে জানতে পারবে চ্যাট বক্সের অপর প্রান্তে থাকা ব্যক্তি। নিজের চ্যাট বক্স থেকে ম্যাসেজ সরানোর জন্য থাকবে ‘রিমুভ ফর ইউ’ অপশন। তবে ফিচারটি ব্যবহার করে আগের ম্যাসেজ মুছে ফেলার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিকভাবে পাঠানো ম্যাসেজই শুধু মুছে ফেলা যাবে।
এর আগে গত এপ্রিলে ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ তার চ্যাট বক্সের হিস্ট্রি ডিলিট করেছেন বলে একটি খবর চাউর হয়েছিলো। সে সময় ফেইসবুক দাবি করে, নিরাপত্তার খাতিরে জাকারবার্গের চ্যাট বক্সের লেখা ডিলিট করা হয়। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনার প্রতিশ্রুতিও দেয় ফেইসবুক।দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর ফিচারটি এখন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। বিশ্বের প্রায় সব ফেইসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের কাছে ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে ফিচারটি।




