‘শেষ দৃশ্যটাই ছিল আমাদের ট্রাম্প কার্ড’
বাংলাদেশি ভয়েস রিয়েলিটি শো প্রতিযোগিতায় জয়ের জন্য লড়তে নেমেছেন ইমরান ও সাফা কবির। প্রতি এপিসোডে জুরি বোর্ডের প্রশংসায় সাফা থেকে এগিয়ে ইমরান। ঠিক তার পরের জায়গাটিতে রয়েছেন সাফা কবির। অথচ সাফা চায় সে সবার থেকে এগিয়ে থাকুক। নিজের নামটি সবার শীর্ষে দেখতে চায়। জয়ের নেশায় বুঁদ হয়ে থাকে সাফা।এদিকে জয়ের নেশায় বুঁদ হয়ে ইমরানের ড্রিঙ্কসের সাথে একটা মেডিসিন মিশিয়ে দেয় সাফা যেন ইমরানের কণ্ঠ চিরতরে বন্ধ হয়ে যায়। অপরদিকে গোপনে সাফাকে ভালোবাসে ইমরান। সাফাকে বিজয়ী করতে চূড়ান্ত পর্বের আগে সংগীতের রিয়েলিটি শো থেকে নিজের নাম প্রত্যাহার করে ইমরান।
সাফাকে ছোট্ট একটি চিরকুট লিখে তার গোপন ভালোবাসার কথা জানিয়ে হারিয়ে যায় সে। সাফা হয় চ্যাম্পিয়ন আর ওইদিকে ইমরানের কণ্ঠ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এমন একটি গল্পে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘আমার কাছে তুমি অন্যরকম’।গানের সাথে সাথে দুর্দান্ত একটি গল্প নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সিএমভির ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকে ব্যাপকভাবে সাড়া পেতে থাকেন ইমরান। একদিন পার না হতেই গানটির ভিউ ৬ লাখেরও বেশি অতিক্রম করেছে। আর সবচেয়ে মজার বিষয় হল ভিডিওটির শেষ দৃশ্য রীতিমত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এই বিষয়ে ইমরান বলেন, প্রকাশের পর থেকে গান ও ভিডিওর জন্য দারুণ সাড়া পাচ্ছি। এই গানের ভিডিওর শেষ দৃশ্যটি ছিল আমাদের ট্রাম্প কার্ড। গানের সঙ্গে ভিডিওর গল্প সবার মন ছুঁয়েছে এটাই আমাদের সার্থকতা। সবাই এটা পছন্দ করেছে এটাই বড় পাওয়া। একটা কাজ করার পর সেটার জন্য যখন ভালো প্রশংসা পাই সত্যি নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়।ঠিক এক বছর আগে এই দিনে (৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। তারই ধারাবাহিকতায় একই দিনে একই ব্যানার থেকে প্রকাশ হলো ‘আমার কাছে তুমি অন্যরকম’।
আগেরটির মতো এবারের গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীতায়োজনের পাশাপাশি গেয়েছেন সময়ের ক্রেজ ইমরান মাহমুদুল। গানের ভিডিওতে ইমরানের সাথে মডেল হয়েছেন অভিনেত্রী সাফা কবির।প্রেমময় গল্পের ছাপে বেশ রোমান্টিক এই গানটি বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে প্রকাশ করা হয়।




