বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সাজেদার আমরণ অনশন
সহপাঠী বন্ধুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছেন প্রেমিকা। রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে তীব্র শীত উপেক্ষা করে ওই এলাকার আবুল হাশেমের বাড়িতে প্রেমের স্বীকৃতি আদায়ে অনশন শুরু করেছেন কালাপাকুজ্যা ইউনিয়নের সাজেদা ইয়াছমিন নামে এক মেয়ে। এ খবরটি জনসাধারণেরর মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।জানা যায়, দেড় বছর আগে স্থানীয় কলেজে পড়ার সময় প্রেমিক নুর নবী (২০) ও প্রেমিকা সাজেদা ইয়াছমিন (১৯) এর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এর আগেও দুইবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে উঠে বসলে প্রেমিকের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িয়ে পাঠিয়ে দেয়। তবে বর্তমানে ছেলের পরিবারে ছেলের বৃদ্ধ দাদি ও এক প্রতিবন্ধী চাচা ছাড়া আর কেউ বাড়িতে নেই বলে প্রতিবেশীরা জানান।প্রেমিকা সাজেদা ইয়াছমিন বলেন, গত দেড় বছর আগ থেকেই তার সাথে আমার প্রেমের সম্পর্ক। এখন আমার দাবি নূর নবীসহ তার পরিবারের লোকজন আমাদের বিয়ের বিষয়টির একটা সুরহা করুক। যতদিন পর্যন্ত না আমার এই ন্যায্য দাবি মেনে নিবে ততদিন আমার অনশন চলবে।
এ ব্যাপারে মাইনীমুখ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে স্থানীয়দের সাথে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সাথে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মিমাংসা করা হয়।




