ছবির এই ছেলেটি আজকের দেশসেরা তারকা ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : প্রিন্টের শার্ট পরিহিত গোঁফওয়ালা এক ব্যক্তি কোলে সাদা রঙেরর পাঞ্জাবি পরা ও টুপিওয়ালা একটি ছেলে। ৫ জানুয়ারি, মঙ্গলবার এমন একটি ছবিই সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।এদিন ব্যক্তিগত ইনস্টগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন তিনি। ছবির এই ছেলেটিই তামিম ইকবাল। শার্ট পরা গোঁফওয়ালা ব্যক্তি তার বাবা ইকবাল খান।তামিমের বাবা ছিলেন বাংলাদেশের নামকরা ফুটবলার। নিজে খেলেছেন, আবার কোচ হিসেবে গড়ে তুলেছেন অনেক নামী ফুটবলার। নিজে ফুটবল খেললেও ইকবাল খান সবসময় চাইতেন, পরিবারের অন্যরা ক্রিকেটের দিকে মনোযোগী হোক।
বলার অপেক্ষা রাখে না, ইকবাল খানের সে চাওয়া অনেক আগে পূর্ণ হয়েছে। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট বেছে নিয়েছেন দুই ছেলে নাফিস ইকবাল ও তামিম ইকবাল। এর আগে ইকবাল খানের ছোট ভাই আকরাম খান বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন।বাবার দেখানো পথে হেঁটে এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তামিম। ব্যাট হাতে ২২ গজ মাতিয়ে অনেক আগেই কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।




