258569

তদন্ত কর্মকর্তার সঙ্গে আসামির সেলফি!

মামলা তদন্ত করতে গিয়ে এক আসামির সঙ্গে সেলফি তুলেছেন তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ। সেই সেলফি ফেসবুকে আপলোড দিয়েছেন মামলার ১ নম্বর আসামি মো. হাবিবুর রহমান।রোববার (৩ ফেব্রুয়ারি) হাটহাজারী মনিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মো. হাবিবুর রহমানকে ১ নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন তৌহিদুল আলম নামে এক ব্যক্তি। হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম, চুরি ও ভয়ভীতির অভিযোগ আনা হয়েছিল।

গত রোববার ঘটনাস্থল হাটহাজারী মনিয়া পুকুরপাড়ের এনায়েতপুর বাজার এলাকায় যান এসআই মো. তোফায়েল আহমেদ। আর মামলা তদন্তে গিয়ে তিনি আসামির সঙ্গে সেলফি তুলেন।আসামির সঙ্গে সেলফি তোলা ও সেই ছবি ফেসবুকে দেওয়াকে দোষ মনে করেন না এসআই তোফায়েল আহমেদ। উল্টো আসামিদের পক্ষে সাফাই গাইলেন তিনি।

জানতে চাইলে আসামির সঙ্গে ছবি তোলার বিষয়টি স্বীকার করে এসআই তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘মনিয়া পুকুরপাড় গেছিলাম তখন ছবি তুলছিল আর কি। এটা কোনো ব্যাপার না। বর্তমান ফেসবুকের যুগ তো বুঝেনই। ও তো আগে থেকে পরিচিত।’তবে ছবি তোলার বিষয়টি জানালে বিস্ময় প্রকাশ করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, ‘আসামির সঙ্গে ছবি! তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ad

পাঠকের মতামত