হারবাল ওষুধ খেয়ে শিশুসহ ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে হারবাল ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে নবাব আলী নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।মিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নবাব আলীর বাড়ীতে রোববার রাতে টেলিভিশন দেখতে যান নুর মহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরোটরির মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ সেবন করেন। গত ২ মাস আগে কাশির জন্য এই সিরাপ কিনে রেখেছিলেন তিনি। এ সময় নুর মহাম্মদ, নবাব আলী এবং নবাব আলীর মেয়ে শামীমা একই ওষুধ সেবন করেন।
এরপর রাত ১১টার দিকে শামীমা অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হসপিটালে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা গিয়েছিলো। মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ খেয়েছিলো সে। এদিকে একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মহাম্মদ অসুস্থ্য হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নেয়ার পথে তিনি মারা যায়।এছাড়াও মধ্যরাতে অসুস্থ্য হয়ে পড়ে শামিমার পিতা নবাব আলী। তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে আজ সোমবার সকালে নবীন ল্যাবরোটরির মালিক রাজিবকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং নবীন ল্যাবরোটরির মালিক রাজিবকে আটক করা হয়েছে।




